অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ মার্চ) লেনদেনের শুরুতেই ধসের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজার। এই ধসের মধ্যেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের লাইভ আপডেট বন্ধ হয়ে গেছে। ফলে বাজারের প্রকৃত চিত্র দেখতে পারছেন না বিনিয়োগকারীরা।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রথম এক ঘণ্টা ১৪ মিনিটের লেনদেন ডিএসইর প্রধান সূচক ৫৩ পয়েন্ট পড়ে যায়। এর পরেই বন্ধ হয়ে যায় ডিএসইর ওয়েবসাইটের লাইভ আপডেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৪৮ মিনিটেও এ সমস্যার সমাধান হয়নি।
এ বিষয়ে জানতেই চাইলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, একটা সুইচে সমস্যা হয়েছে। সমাধানের কাজ চলছে। আশাকরি, শিগগির ঠিক হয়ে যাবে।
তিনি আরও বলেন, ওয়েবসাইটে লাইভ আপডেট দেখা না গেলেও লেনদেন চলমান রয়েছে। লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।
ডিএসইর ওয়েবসাইটে লাইভ আপডেট দেখতে না পেয়ে বিনিয়োগকারী রাজ্জাক বলেন, লেনদেনের শুরুতেই বড় দরপতন দেখা দেয়ায় দুশ্চিন্তায় আছি। এর মধ্যে হঠাৎ করেই ওয়েবসাইটে লাইভ আপডেট দেখানো বন্ধ করে দিয়েছে ডিএসই। এতে বাজারের প্রকৃত চিত্র দেখতে পারছি না।
তিনি আরও বলেন, প্রায় প্রায় ডিএসইর ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা দেখা দেয়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উচিত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়। কী কারণে এ সমস্যা হচ্ছে তা খুঁজে বের করার পাশাপাশি, ডিএসইতে দক্ষ লোকবলের ব্যবস্থা করার উচিত। এ ধরনের সমস্যার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে ডিএসইর ওয়েবসাইটে লাইভ আপডেট বন্ধ হওয়ার আগে ১১টা ১৪ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট পড়ে যায়। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১০ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ২৯ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৮২টির। আর ১০০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৭৭ কোটি ৫ টাকা।