বিএনপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেহেতু তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ আসনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি ফলাফলের গেজেট প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করছি আজ বিকেলের মধ্যেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে এ নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব এ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়েছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটাররা কেবল ভোট দিয়েই ক্ষান্ত হননি, তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা যে অভূতপূর্ব গণজোয়ার দেখেছি, তাতেই পরিষ্কার ছিল জনগণ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। এ বিজয় আমাদের প্রত্যাশিত ছিল।
নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের লড়াই ছিল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের। শহীদদের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমাদের নির্বাচনি ইশতেহার এবং ‘৩১ দফা’ অনুযায়ী সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার করা হবে। ‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে।
এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেছেন, মন্ত্রিসভা কেমন হবে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।