বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে ২২ বাংলাদেশি প্রতিষ্ঠান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো, সিডনি ২০২৩’। আন্তর্জাতিক এই বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অংশ নিচ্ছে ২২টি বাংলাদেশি প্রতিষ্ঠান।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে ৮টি তৈরি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান তৈরি পোশাক সামগ্রী প্রদর্শন করছে। পাটজাত দ্রব্য ও গৃহসজ্জার সামগ্রীসহ ১৪টি অন্যান্য প্রতিষ্ঠানও প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী উদ্বোধন করেন। এ সময় সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল এবং কমার্শিয়াল কাউন্সেলরসহ হাইকমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বাণিজ্য প্রদর্শনী সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে ২৯টি দেশের প্রায় ৩৫০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুই বার হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পারিক যোগাযোগ স্থাপনে আমদানিকারক ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রায় ৯৩ ভাগই তৈরী পোশাক। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD