‘মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করেছে অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে দেশব্যাপী শিশু-কিশোর, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, গত ২১ জুলাই থেকে প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। নিবন্ধনের পর ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে বই পাঠানো হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গুগল ফরমে নিবন্ধন করতে হবে। ৩০০ টাকার বিনিময়ে প্রতিযোগীদের কাছে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে ‘আমাদের নবীজি’ বইটি। বিজয়ীদের জন্য রয়েছে পবিত্র ওমরাহ পালনসহ পাঁচ লক্ষাধিক টাকার পুরস্কার।
প্রতিযোগিতাটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসার শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার নারী-পুরুষের জন্য উন্মুক্ত। বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ বই থেকে প্রশ্ন করা হবে।
আয়োজকরা জানায়, ‘আমাদের নবীজি’ গ্রন্থ অবলম্বনে বিশেষজ্ঞদের একটি দল ৫০টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন তৈরি করবে। অংশগ্রহণকারীদের বইটি মনোযোগ সহকারে পড়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
আগামী ৯ অক্টোবর সকাল ১০টায় ৩০ মিনিটব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ১৫ অক্টোবর রাতে।
প্রতিযোগিতায় অংশ নিতে গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। বইয়ের মূল্য ও কুরিয়ার খরচ বাবদ ৩০০ টাকা পরিশোধের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ‘আমাদের নবীজী‘ বইটি পাঠিয়ে দেওয়া হবে।
এছাড়া তাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে, যেখানে পরীক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
প্রতিযোগিতায় মোট ৭৫ জন বিজয়ী পাঁচ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার পাবেন। পুরস্কারের মধ্যে রয়েছে—
প্রথম পুরস্কার: ওমরাহ (১ জন); দ্বিতীয় পুরস্কার: ৫০ হাজার টাকা (১ জন); তৃতীয় পুরস্কার: ৩০ হাজার টাকা (১ জন); ৪র্থ থেকে ২৫তম: জনপ্রতি ২ হাজার টাকা (মোট ২২ জন); ২৬তম থেকে ৭৫তম: জনপ্রতি ৫ হাজার টাকা সমমূল্যের বই (মোট ৫০ জন)।
আগ্রহীরা আরও তথ্যের জন্য আওয়ার ইসলাম কার্যালয়, ৫/১ চৌধুরীপাড়া (হাজীপাড়া), ডি.আই.টি. রোড, রামপুরা, ঢাকা-১২১৯ অথবা ০১৯০২-৮৯১৯৯৬ নম্বরে (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করতে পারবেন।