রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সোমালিল্যান্ডে ইসরায়েলি দূত নিয়োগের নিন্দা বাংলাদেশসহ ১২ দেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া স্বঘোষিত রাষ্ট্র সোমালিল্যান্ডে কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ১২টি দেশ।

শনিবার (১৮ এপ্রিল) দেশগুলোর পররাষ্ট্র দপ্তরের এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করা হয়।

যৌথ বিবৃতিতে নিন্দা জানানো দেশগুলো হলো বাংলাদেশ, সৌদি আরব, মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কুয়েত।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এ পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা রাষ্ট্রের ঐক্য বিনষ্ট করে বা সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে এমন একতরফা সব পদক্ষেপের প্রতি তাদের ‘দ্ব্যর্থহীন বিরোধিতা’ পুনর্ব্যক্ত করেন।

তারা বলেন, সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং দেশটির বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের দৃঢ় ও অবিচল সমর্থন রয়েছে। এতে আরও বলা হয়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেন, এ সিদ্ধান্ত আফ্রিকা অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এছাড়াও সামগ্রিকভাবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে বুধবার প্রথমবারের মতো সোমালিল্যান্ডে রাষ্ট্রদূত নিয়োগ দেয় ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মাইকেল লোমেটকে সোমালিল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো।

গত সপ্তাহে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা জানায়। সংস্থাটি সোমালিয়া ও তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ইসরায়েল প্রথম দেশ হিসেবে স্বঘোষিত সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এ সিদ্ধান্তকে সমর্থন করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD