পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ১২২টি হজ ফ্লাইটে চেপে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন চার হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪৩ হাজার ৭৮১ জন। এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন ১০ জন।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনে বলা হয়, ১০ জন মৃতদের মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দুইজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে মহিলা রয়েছেন দুইজন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে আট হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।