স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি, অবিলম্বে এটি বন্ধ করতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
শেখ তানভীর বারী হামিম লিখেছেন, সারা দেশে স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে কোথাও চোখে পড়েনি। হ্যাঁ, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যেসব স্থানে টোল দেওয়া হয় সেটা ভিন্ন।
‘তবে যাতায়াত পথে যেখানে-সেখানে (সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে) স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি। আমাদের সরকার নিশ্চয়ই এসব ব্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে।’
ছাত্রদলের এই নেতা বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট চারটি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং, পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই।