সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ইফতারের আমেজ কাটতে না কাটতেই হঠাৎ বৃষ্টিতে ভিজল রাজধানী। শুক্রবার সন্ধ্যায় শিলাবৃষ্টির পর শুরু হওয়া মাঝারি বর্ষণে নগরজীবনে কিছুটা স্বস্তি এলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার কিছুটা পরে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়।

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ইফতারির পর পর এমন বৃষ্টিতে বাড্ডার সড়কের পাশে দোকানগুলোতে আশ্রয় নিয়েছেন অনেক পথচারী। তাদের মধ্যে একজন এহসানুল হক।

তিনি বলেন, অফিসে ইফতারি শেষ করে কিছুক্ষণ পর বের হয়েছি আর তেমনি আকস্মিক শিলাবৃষ্টি শুরু হলো। দুই একটা শিল কুড়িয়ে নিয়ে দোকানে আশ্রয় নিলাম। অনেক দিন পর ঢাকায় এমন শিলাবৃষ্টি দেখলাম। প্রথম ২ মিনিট শিলাবৃষ্টি হওয়ার পর স্বাভাবিক বৃষ্টি শুরু হয়েছে, যা প্রায় ১৫/২০ মিনিট স্থায়ী ছিল।

একই রকমের অভিমত করে রামপুরার দিক থেকে রিকশা চালিয়ে আসা চালক এরশাদ আলী বলেন, অনেক দিন পর এমন শিলাবৃষ্টি হয়েছে। যদিও অল্পসময়ের শিলাবৃষ্টি কিন্তু পরের বৃষ্টি ছিল স্বাভাবিক বৃষ্টি।

আমার গাড়িতে যাত্রী ছিল, স্বাভাবিকভাবে এখন বৃষ্টি হওয়ার কথা নয় তাই কোনো প্রস্তুতি ছিল না, গাড়িতে পলিথিন ছিল না। যে কারণে আমার রিকশার যাত্রী এবং আমি দুজনই ভিজে গেছি। পরে রিকশা থামিয়ে এক দোকানের বারান্দায় দাঁড়িয়েছি। বৃষ্টি হয়েছে মোটামুটি ১৫ মিনিটের মতো।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD