মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব নিতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য প্রণালিটি ব্যবহার করা প্রতিটি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে অর্থ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা এই প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখব এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা হব এই প্রণালির অভিভাবক। সম্ভবত আমরা এর নাম দেব গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট (প্রণালির রক্ষাকর্তা অগ্রদূত)।’
তিনি বলেন, ‘আমরা এটি পাহারা দেব এবং এর বিনিময়ে অর্থ নেব। কারণ এই প্রণালি ব্যবহারকারী অনেক দেশই অত্যন্ত ধনী। তারা আমাদের বন্ধু হতে পারে, কিন্তু বিনামূল্যে এই সেবা পাবে না।’
পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে কাজ করবে এবং নিরাপত্তা ব্যয়ের জন্য এই জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি পণ্যবাহী জাহাজের কাছ থেকে ২০ শতাংশ হারে অর্থ আদায়ের পরিকল্পনা করছে। এ সংক্রান্ত কাঠামো শিগগিরই তৈরি করা হবে।
তবে এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে বা উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইরান ইতোমধ্যে প্রণালিটি বন্ধের ঘোষণা দিয়েছে, আর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলাও অব্যাহত রয়েছে।
বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্ক আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।