শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
আসন্ন ঈদুল আজহায় ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা (অপসারণ) করা হবে বলে সিটি করপোরেশনের প্রশাসকরা আমাদের আশ্বাস দিয়েছেন। এ জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।

রোববার (২৫ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কোরবানির পশুর হাটে ৫ শতাংশ হাসিল অনেক বেশি জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কর্মচারীদের আদেশ দিয়ে গেছি- আগামীবার যেন হাসিল ৩ শতাংশের ওপরে না হয়।

তিনি বলেন, চামড়ার যেন ন্যায্যমূল্যটা পায়। প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয় এবং জনগণ ন্যায্যমূল্য পায় না। এটা তো গরিবের হক। চামড়ার ন্যায্যমূল্য যেন পায় এ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘এবার পশুর হাটের হাসিল কম করার চেষ্টা করছিলাম। তাদের সঙ্গে আমরা বসেছি, অনুরোধ করেছি, বলেছি ৫ শতাংশ হাসিল অনেক বেশি। এখন পর্যন্ত হাসিল কমাতে পারিনি। আগামীবার হয়তো আমরা থাকবো না বা যেই থাকুক না কেন আমরা কর্মচারীদের আদেশ দিয়ে গেছি- আগামীবার যেন হাসিল ৩ শতাংশের ওপরে না হয়। এক সময় এটা ৩ শতাংশ ছিল।’

এবার ঢাকার দুই সিটি করপোরেশনে ২০টি পশুর হাট বসবে জানিয়ে উপদেষ্টা বলেন, সেখানে নিরাপত্তা নিশ্চিত করা হবে। হাটে পশু চিকিৎসক ছাড়াও সাধারণ চিকিৎসক থাকবেন। গরু কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। সব হাট রাস্তা থেকে অনেক দূরে করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য রাখতে হবে। হাসিল সংগ্রহে স্বেচ্ছাসেবক থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোরবানি ঈদের সময় যানজট যাতে না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের ছুটির সময় বাহিনীগুলো (আইনশৃঙ্খলা বাহিনী) সজাগ থাকবে। প্রশাসকদের অনুরোধ করছি, মানুষকে সচেতন করতে ঈদে তারা বাড়ি গেলে যেন সবকিছু ব্যবস্থা করে রেখে যান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ২০টি হাটের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে মহাসড়ক থেকে দূরে হয়। অবৈধ কোনো হাট আমরা অ্যালাউ করবো না। সব হাটে সিটি টিভি থাকবে। হাটের মধ্যেও ঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করবে।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তদের প্রণোদনা দেওয়া হবে। গাড়ি চালকদের ওভারটাইম দেওয়া হবে। হাটে নকল টাকা শনাক্তের মেশিন, মোবাইল ব্যাংকিং বুথ রাখা হবে।

মোহাম্মদ এজাজ বলেন, যারা চামড়ার ব্যবসা করবেন তাদের বিনামূল্যে লবণ দেওয়া হবে। আগে লবণ না দিয়ে দ্রুত চামড়া ঢাকায় ঢোকানোর চেষ্টা করা হতো। এটা মাথায় রেখে এবার সাপ্লাই রেগুলেশন করবো। ধীরে ধীরে চামড়া ঢাকায় ঢোকানোর নির্দেশ দেবো। এ জন্য চামড়া সংরক্ষণে সহায়তা দেওয়া হবে। একসঙ্গে সব চামড়া ঢাকায় না ঢুকলে আশা করছি চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা যাবে।

তিনি বলেন, এর আগে ৫০ টাকা, ৬০ টাকা, ১০০ টাকায় চামড়া বিক্রি হয়েছে। এক সময় দুই হাজার টাকায়ও চামড়া বিক্রি হয়েছে। এবার আশা করছি ১২০০ টাকাও যদি গরুর মালিক পান তবে তার প্রতি ন্যায্যতা তৈরি হবে। এ জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয় চীনাদের সঙ্গে যোগাযোগ করেছে, সারাসরি তারা এখান থেকে চামড়া নিতে চাইলে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবার চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD