বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

৩০ ব্যাংকের গ্রাহকের জন্য বড় সুখবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা পুরোপুরি চালু হয়েছে। এই তথ্য দিয়েছে—প্রতিষ্ঠানটির পরিচালনাকারী সংস্থা আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) ও একাধিক সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংক।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। সেবা চালু থাকায় গ্রাহকরা আবার আগের মতো লেনদেন করতে পারবেন।’

এদিকে রাত সাড়ে ১২টায় ব্যাংক এশিয়ার এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ‘আমাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স এবং কিউআর সেবাগুলো এখন পুরোপুরি সচল রয়েছে। আপনারা যথারীতি আপনাদের লেনদেন পুনরায় শুরু করতে পারেন।’

গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন সেবা ব্যাহত হয়। সে সময় বিভিন্ন ব্যাংক থেকে ক্ষুদে বার্তা দিয়ে জানানো হয়েছিল, এসব সেবা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হবে।

এরপর বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে বন্ধ থাকা সেবা দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে পাঠানো হয়।

এ বিষয়ে মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা ভোগান্তির শিকার হন।

গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করে দ্রুত কার্ডসংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের সব সেবা আবারও পুরোপুরি চালু হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD