রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা দেবে সৌদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা দেওয়া শুরু করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এদিন থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

হজের প্রায় চার মাস আগেই ভিসা কার্যক্রম শুরু করাকে হজযাত্রীদের জন্য প্রস্তুতি ও সেবার মান উন্নয়নের অংশ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। এই উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে শতভাগ সেবা নিশ্চিত করতে সব চুক্তি চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় আবাসনসংক্রান্ত সব চুক্তিও সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ লাখ হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার হজযাত্রী নিজ নিজ দেশ থেকেই সরাসরি প্যাকেজ বুক করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৩টি হজবিষয়ক অফিস তাদের মৌলিক চুক্তিভিত্তিক প্রস্তুতি শেষ করেছে। হেজাজ রাজ্যের ভেতরে ও বাইরে সংশ্লিষ্ট হজ অফিস এবং সেবা প্রদানকারীদের সঙ্গে সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রাথমিক পর্যায়েই ভিসা প্রদান শুরু করাকে হজ ব্যবস্থাপনায় সক্রিয় পরিকল্পনার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়। এর ফলে হজযাত্রীদের জন্য আরও সুসংগঠিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা নিশ্চিত হবে এবং সেবার দক্ষতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে পবিত্র স্থানগুলোতে সেবাসংক্রান্ত চুক্তি সম্পন্ন, আবাসন ও পরিবহন ব্যবস্থার অনুমোদন, পাশাপাশি শিবির প্রস্তুত ও বরাদ্দের মতো একাধিক সাংগঠনিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো হজ মৌসুমে নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ আগেভাগেই মোকাবিলা করা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD