শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার জেলা প্রশাসনের ৭ নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারে পর্যটক গৃহবধূ ধর্ষণের ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সাতটি নির্দেশনা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলো হলো— সকল আবাসিক হোটেলে রুম বুক দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল আবশ্যক; আবাসিক হোটেলসমূহে অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রনয়ণ করা হবে; প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে; পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক থাকবে; প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু/জোরদার করতে হবে; হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে এবং হোটেল-মোটেল-গেস্ট হাউজের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে। এতে সহায়তা করবে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ পর্যটন শিল্পে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD