মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল সহস্রাধিক ঘর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি কারখানায় আগুন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার পালংখালী শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার ২০০টি ঘর পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন ওই ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি জানিয়েছেন, ক্যাম্পের একটি বসতঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

বিকেল সাড়ে ৪টায় পালংখালীর ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। ক্যাম্পের লোকজন, এপিবিএনের সদস্য ও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন বলেছেন, ‘আগুন দেখার পর পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে এসেছি। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’

উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদ হোসেন বলেছেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরুপণ করা যায়নি।’

এর আগে চলতি বছরের গত ২ জানুয়ারি (রোববার) উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছিল। এতে কেউ হতাহত হননি। তবে, হাসপাতালটির ৭০ শয্যা পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০ হাজারের বেশি ঘর পুড়ে যায়। আগুনে ১১ জন মারা যান। ক্ষতিগ্রস্ত হন ২ লক্ষাধিক রোহিঙ্গা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD