বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি দেশে ব্যবহৃত স্মার্টফোনের ৮৫ শতাংশই স্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকে আসছে। তাই বিদ্যমান শুল্ক ও কর ছাড়ের সুবিধা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় সংগঠনটি।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে এমন প্রস্তাবনা দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, মোবাইল খাতের জন্য সরকারের দেওয়া সুবিধার কারণে আমদানি নির্ভরতা কমেছে। স্থানীয় বাজারের চাহিদার বড় অংশই এখন শিল্পগুলো পূরণ করছে বলে দাবি করেন তারা।
বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, বর্তমানে দেশে ১৪টি প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদন করছে। এখন দেশে ব্যবহৃত স্মার্টফোনের ৮৫ শতাংশই স্থানীয় প্রতিষ্ঠানগুলো পূরণ করছে।
তিনি বলেন, গত বছর এনবিআরের দেওয়া সুবিধার কারণে ফিচার ফোনের চাহিদার ৫০ শতাংশের বেশি তারা পূরণ করতে পেরেছে। চলতি বছর শেষে এ হার ৭৫ শতাংশে উন্নীত হবে। তাই বিদ্যমান সুবিধা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো যেতে পারে।