রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বাজেটে বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধে ব্যয় বাড়বে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

আগামী তিন অর্থবছরে সরকারের বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধে ব্যয় বাড়বে ৬৫ শতাংশ। এই তিন অর্থবছরে বৈদেশিক ঋণ (আসল ও সুদ) পরিশোধেই সরকারকে ব্যয় করতে হবে ১০০৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক লাখ কোটি টাকারও বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই তিন অর্থবছরে বিদেশি ঋণের মূল পরিশোধে ব্যয় হবে ৭১২ কোটি ৫০ লাখ ডলার এবং সুদ পরিশোধে খরচ হবে ২৯৫ কোটি ডলার। সম্প্রতি বৈদেশিক ঋণ পরিশোধের এ হিসাব প্রাক্কলন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,বাজেট ঘাটতির অর্থায়নে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ বাবদ প্রতি বছর যা ব্যয় হয় জিডিপি’র প্রায় ২.৫ শতাংশ। সে হিসাবে প্রতি অর্থবছর এখাতে গড়ে প্রায় ৬,৫০০ কোটি টাকা ব্যয় বাড়ছে। বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের ওঠানামা না থাকলেও প্রতি বছর এই খাতে ব্যয় বাড়ছে। ২০২৫-২০২৬ অর্থবছরে এর পরিমাণ অনেকটা বাড়াবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হিসাব থেকে দেখা যায়, চলতি ২০২১-২০২২ অর্থবছরে মোট বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে ২৪৪ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে মূল ঋণের পরিমাণ ১৭২ কোটি ডলার এবং সুদের পরিমাণ হচ্ছে ৭২ কোটি ৬০ লাখ ডলার।

অর্থ বিভাগের হিসেবে, চলতি অর্থবছরের মূল বাজেটে টাকার অঙ্কে বৈদেশিক ঋণ পরিশোধের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৩৯ কোটি টাকা। এর মধ্যে মূল ঋণের পরিমাণ ১৪ হাজার ৪৫০ কোটি টাকা এবং সুদ পরিশোধের লক্ষ্যমাত্রা হচ্ছে ছয় হাজার ৫৮৯ কোটি টাকা। তবে সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে যাওয়ায় চলতি অর্থবছরে টাকার অঙ্কে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় বাড়তে পারে।

ইআরডি সূত্রে জানা যায়, আগামী ২০২২-২০২৩ এখাতে ব্যয় হবে ২৭৭ কোটি ৫০ লাখ ডলার, ২০২৩-২০২৪ অর্থবছরে ৩২৮ কোটি ডলার এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ৪০২ কোটি ডলার। এর মধ্যে বৈদেশিক মূল ঋণ পরিশোধে ২০২২-২০২৩ অর্থবছরে ব্যয় হবে ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। ২০২৩-২০২৪ অর্থবছরে ২৩০ কোটি ডলার এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ২৮৭ কোটি ডলার ব্যয় হবে।

অন্য দিকে, ২০২২-২০২৩ অর্থবছরে ৮২ কোটি ডলার, ২০২৩-২০২৪ অর্থবছরে ৯৮ কোটি ডলার এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ১১৫ কোটি ডলার বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে।

এ বিষয়ে ইআরডি’র একজন কর্মকর্তা বলেন, বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে। আগামীতেও এ ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না। তবে বিদেশি ঋণ ব্যবহারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এই ঋণ যেন অনুৎপাদনশীল খাতে ব্যবহার না হয়। কারণ যে বিনিয়োগে রিটার্ন আসে না, সেখানে বিদেশি ঋণ ব্যবহার করা হলে ঋণের ব্যয় অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তখনই সৃষ্টি হয় ঝুঁকি। তাই আমাদের বিদেশি ঋণে প্রকল্প হাতে নেওয়ার সময় সতর্ক থাকতে হবে।

সম্প্রতি অর্থ বিভাগ থেকে প্রকাশিত মধ্য মেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫-২০১৬ থেকে ২০১৯-২০২০ অর্থবছর পর্যন্ত বহিঃঅর্থায়নের বিপরীতে সুদ বাবদ ব্যয় ছিল সরকারি ব্যয়ের শূন্য দশমিক ৯ শতাংশ এবং বহিঃঅর্থায়নের বিপরীতে অন্তর্নিহিত সুদ হার ছিল গড়ে মাত্র ১ দশমিক ১ শতাংশ। বাইরের উৎস থেকে ঋণের পরিমাণ বেড়ে যাওয়া বহিঃঋণের বিপরীতে সুদ বাবদ ব্যয় সামান্য বেড়েছে।

সূত্র জানায়, মোট বৈদেশিক ঋণ (মূল ও সুদ) পরিশোধের তুলনায় অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় অনেক বেশি। চলতি ২০২১-২০২২ অর্থবছরের মূল বাজেটে ঋণের (অভ্যন্তরীণ ও বৈদেশিক) সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে ৬৮ হাজার ৫৮৯ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ ৬২ হাজার কোটি টাকা ও বৈদেশিক ঋণের সুদ বাবদ ছয় হাজার ৫৮৯ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২০২২-২০২৩ অর্থবছর ৭৭ হাজার ৫৫ কোটি টাকা এবং ২০২৩-২০২৪ ৮৮ হাজার ১৬০ কোটি টাকা সুদ পরিশোধে ব্যয় হবে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ২০২২-২০২৩ অর্থবছরে ৬৯ হাজার ৮০০ কোটি টাকা এবং২০২৩-২০২৪ অর্থবছরে ৭১ হাজার ৪৩০ কোটি টাকা ব্যয় হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD