আমদানি বন্ধের (ইমপোর্ট পারমিট) অজুহাতে এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে বেড়েছে ভারত থেকে আসা সব ধরনের পেঁয়াজের দাম। কেজিপ্রতি ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ২২ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে; যা মঙ্গলবার বিক্রি হয়েছিল ২০ থেকে ২৬ টাকায়।
হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বন্দরের ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে দিয়েছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিজানুর রহমান শেখ বলেন, সামনে রমজান মাস। বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে পণ্য ছাড়ের প্রতিযোগিতা চলে আর বাংলাদেশে রমজান মাসে পণ্য দাম বৃদ্ধি হয়ে থাকে। বাজারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা গরিব মানুষ কিভাবে সংসার চালাব চিন্তায় রাতে ঘুম আসে না। এর মধ্যে প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানিতে ইমপোর্ট পারমিট বন্ধ ঘোষণা করে দিয়েছে; যার জন্য বন্দরের ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে।