রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আন্দোলনে ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন: আইজিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

ছাত্র-গণআন্দোলনে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

রোববার (১১ আগস্ট) রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন র‌্যাব সদস্য রয়েছে। এছাড়া বহু আহত রয়েছে। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছে।

এছাড়া হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। যার মধ্যে একজন আইসিইউতে আছেন। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে পুলিশকে কাজে ফেরানো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। প্রাথমিকভাবে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত আমাদের ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছে।

আইজিপি বলেন, জনবলের কোনো সমস্যা নেই। তবে যে সমস্যা রয়েছে তা হলো- একটি ভীতি কাজ করছে। এটি কাটিয়ে উঠতে ছাত্রদের অনেকেই কাজ করছে। ভিআইপি রোডে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়েছি। তাদের পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে, স্কাউট ও বিএনসিসি রয়েছে।

তিনি বলেন, কোনো ভুল বোঝাবুঝি যেনো না হয় এজন্য আমরা ছাত্রদের সমন্বয়কদের সঙ্গেও যোগাযোগ রাখছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD