রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত আরও ১৬ ফিলিস্তিনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ১০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯২ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। রোববার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

আল-আকসা শহীদ হাসপাতালের একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ-এর পূর্বে অবস্থিত একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।

এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

এদিকে রোববার ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসে তাদের স্থল আক্রমণ আরও সম্প্রসারিত করেছে এবং শহরের পশ্চিম অংশে অবস্থিত হামাদ শহরে পৌঁছে গেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ১০০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও ৯২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD