রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সরকারি চাকুরে

বোনাস নির্ধারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস নির্ধারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিষয়টি নিরসনে দ্রুত নির্দেশনা চেয়ে অর্থসচিবের কাছে গতকাল রবিবার চিঠি দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারক অনুয়ায়ী, যে মাসে উৎসব তার পূর্ববর্তী মাসে নেওয়া মূল বেতনের সমপরিমাণ ভাতা হিসেবে পাবেন চাকরিজীবীরা। পেনশনারদের উৎসবভাতা দেওয়ার ক্ষেত্রেও অনুরূপ নির্দেশনা রয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১ আগস্ট। যেহেতু উৎসব চাঁদ দেখার ওপর নির্ভরশীল, সেহেতু এবার ঈদুল আজহা ৩১ জুলাই হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের উৎসবভাতা গত মাসের আহরিত মূল বেতন বা পেনশনের ওপর পরিশোধিত হবে, নাকি জুলাইয়ের মূল বেতন বা পেনশনের ওপর ভিত্তি করে দেওয়া হবে, সে বিষয়েই সৃষ্টি হয়েছে জটিলতা।

২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হয়। সে হিসাবে ১ আগস্ট ঈদ হলে তারা বোনাস বেশি পাবেন। কিন্তু ৩১ জুলাই ঈদ হলে বোনাস মিলবে জুন মাসের মূল বেতনের সমপরিমাণ। এখন কোন তারিখ ঈদ ধরে বোনাস দেওয়া হবে, তা নিয়ে বেশ জটিলতার মধ্যেই পড়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্তরা চাচ্ছেন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১ আগস্ট ধরে বার্ষিক বর্ধিত বেতনসহ জুলাই মাসের মূল বেতনের বা পেনশনের ভিত্তিতে উৎসবভাতা দেওয়ার। আবার ঈদ যদি ৩১ জুলাই হয় সে ক্ষেত্রে পরবর্তী মাসের বেতন বা পেনশন থেকে তা সমন্বয় করে নেওয়া হবে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত চান তারা। তাই রবিবার চিঠি দেওয়া হয়েছে।- সূত্র দৈনিক আমাদের সময়

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD