শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

চীন-রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

টানা ১২ দিন যুদ্ধের পর ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে সংশয় আছে। যদিও এবারের সংঘাতে টিকে গেছে ইরান।

কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান শক্তি ভেঙে পড়েছে।

তাই ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে। এরই অংশ হিসেবে দেশটি বন্ধুপ্রতীম রাশিয়া ও চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর রাশিয়া-চীন ইরানকে অস্ত্র দিতে রাজি।

ইরান মূলত উন্নত মিসাইল বা ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হিসেবে পরিচিত। তবে সেই তুলনায় দেশটির বিমান প্রযুক্তি বেশ পুরোনো এবং এর নৌশক্তিও অত্যাধুনিক নয়।

এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি তার আকাশ রক্ষা করতে পারেনি। ফলে লড়াইয়ের শুরুতেই ইরানের আকাশ দখল করে নেয় ইসরায়েল।

একদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলোও আকাশে উড়ে ইসরায়েলের বিমান থামানোর চেষ্টা করেনি।

বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে। এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল।

তুরস্কভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাত আসলানের মতে, সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর। এক্ষেত্রে তার বড় ভরসা হবে চীন-রাশিয়া।

তিনি বলেন, ‘ইরানের সামনে এখন তিনটি বড় কাজ। প্রথমটি হচ্ছে, ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতর থেকেই দুর্বল। এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে।’

দ্বিতীয় হচ্ছে, ‘ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির এসইউ-থার্টি ফাইভ বিমান কেনা শুরু করবে। তাদের মধ্যে যেহেতু চুক্তি আছে, এটা কয়েকমাসের মধ্যেই ঘটতে পারে।’

তৃতীয় হচ্ছে, ‘ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে।’

তবে চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে। তাছাড়া দেশটির অর্থনীতিও আরও দুর্বল হয়েছে। ফলে চীন-রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি কিনতে হলে প্রচুর অর্থ খরচ করতে হবে ইরানকে। ইরানের পক্ষে কি এখন সেটা সম্ভব?

মুরাত আসলান বলেন ‘ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে। কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না। তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল। তারা অস্ত্র নেবে, কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে।’ সূত্র: বিবিসি বাংলা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD