বিশ্ব আজ এক গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন। দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ঋণের চক্র ও আর্থিক বৈষম্য যেন বৈশ্বিক অভিশাপ। এ সংকটের মূল কারণ অনুসন্ধান করলে দেখা যায়, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করা সুদভিত্তিক ব্যাংকিং ও আর্থিক কাঠামোই এ বিপর্যয়ের জন্য দায়ী। ইসলামি দৃষ্টিতে এ সুদভিত্তিক ব্যবস্থা শুধু একটি আর্থিক সমস্যাই নয়, বরং এটি মানবতা, ইনসাফ ও আল্লাহর বিধানের সরাসরি বিরোধী। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এখানে যেমন-ইবাদত, নৈতিকতা ও সমাজ বিধান আছে; তেমনি রয়েছে একটি ভারসাম্যপূর্ণ ও কল্যাণকামী অর্থনৈতিক দর্শন, যা সুদের মূলোৎপাটন করে মানুষের মাঝে ন্যায়ভিত্তিতে সম্পদ বণ্টনের পদ্ধতির শিক্ষা দেয়।
ইসলামি অর্থনীতির বৈশিষ্ট্য
ইসলামি অর্থনীতি হলো বাস্তবসম্মত, নৈতিক ও ভারসাম্যপূর্ণ একটি অর্থনৈতিক কাঠামো। ইসলামি অর্থনীতির কতিপয় বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো।
সুদের নিষিদ্ধতা : কুরআনে সুদ সম্পর্কে বলা হয়েছে-‘আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন’। (সূরা বাকারা : ২৭৫)। এটি স্পষ্ট নির্দেশনা দেয় যে, ইসলামি অর্থনীতিতে সুদের কোনো স্থান নেই।
সম্পদের প্রকৃত মালিক আল্লাহ : মানুষ শুধু আল্লাহর দেওয়া সম্পদের তত্ত্বাবধায়ক বা খলিফা। তাই সম্পদের সঠিক ব্যবহার ও কল্যাণে ব্যয় করা ইসলামি অর্থনীতির কেন্দ্রবিন্দু।
সাম্য ও সুষম বণ্টন : ইসলাম চায়, সম্পদ যেন সমাজের মধ্যে ঘুরেফিরে বণ্টিত হয়, একশ্রেণির হাতে কেন্দ্রীভূত না হয়। এ জন্য রয়েছে জাকাত, সদকা, ইনসাফভিত্তিক মিরাস আইন ও নিষ্পেষিতদের অধিকারের নিরাপত্তা।
হালাল পন্থায় উপার্জন : ইসলাম উৎস ও উপার্জনের পদ্ধতিকে অত্যন্ত গুরুত্ব দেয়। উৎপাদন, কৃষি, ব্যবসা, খেদমত ও প্রকৃত শ্রমনির্ভর আয়ের উৎসকে উৎসাহিত করে।
হালাল ও হারামের স্পষ্ট সীমারেখা : ইসলাম সম্পদ উপার্জনে হালাল পদ্ধতির ওপর জোর দেয়, যেমন-ব্যবসা, মুদারাবা, মুশারাকা, ইজারা, সালাম ও মুয়াজ্জাল ইত্যাদি।
মালিকানায় ভারসাম্যতা : ইসলামি অর্থনীতি ব্যক্তিগত মালিকানার অনুমতি দিলেও তা সীমাহীন নয়। ব্যক্তি তার সম্পদ দ্বারা সমাজেরও উপকার করবে, এটাই ইসলামের দর্শন।
ইসলামি অর্থনীতি ও সুদভিত্তিক অর্থব্যবস্থা মূল পার্থক্য
নীতি ও ভিত্তি : ইসলামি অর্থনীতি আল্লাহর বিধান, ন্যায়বিচার ও সামাজিক কল্যাণের ওপর ভিত্তি করে গঠিত। আর সুদভিত্তিক অর্থনীতি গঠিত হয় নিছক লাভ ও পুঁজির আধিপত্যের ভিত্তিতে।
সুদের অবস্থান : ইসলামে সুদ (রিবা) কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে গুনাহে কবিরা বলা হয়েছে। সুদভিত্তিক অর্থনীতিতে সুদকে বৈধ ও স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা হয়।
লাভ-ক্ষতির নীতি : ইসলামি অর্থব্যবস্থায় লাভ ও ক্ষতি উভয়ের অংশীদারত্বের ভিত্তিতে বিনিয়োগ হয়। আর সুদভিত্তিক ব্যবস্থায় শুধু লাভের নিশ্চয়তা থাকে, ক্ষতিতে ঋণদাতা অংশ নেয় না।
ঝুঁকি প্রবণতা : ইসলামি অর্থনীতিতে ঝুঁকি ও দায়িত্ব উভয় পক্ষের মধ্যে ভাগ হয়। আর সুদভিত্তিক ব্যবস্থায় সব ঝুঁকি থাকে ঋণগ্রহীতার ওপর।
সম্পদ বণ্টন : ইসলামি অর্থনীতিতে জাকাত, সদকা ও ইনসাফের মাধ্যমে সম্পদের ন্যায্য অধিকার বণ্টন হয়। আর সুদভিত্তিক অর্থনীতি সম্পদকে ধনী শ্রেণির হাতে কেন্দ্রীভূত করে।
নৈতিকতা ও জবাবদিহিতা : ইসলামি অর্থনীতিতে আল্লাহভীতি ও পরকালীন জবাবদিহিতার ভয় থাকে। আর সুদভিত্তিক অর্থনীতিতে পার্থিব লাভই মুখ্য, নৈতিকতার কোনো গুরুত্ব নেই।
ভোগ ও ব্যয়নীতি : ইসলামি অর্থনীতি হালাল ভোগ, পরিমিতি ও প্রয়োজনীয় ব্যয়ের প্রতি গুরুত্ব দেয়। আর সুদভিত্তিক অর্থনীতি অপচয় ও ভোগবাদকে উৎসাহিত করে।
সামাজিক প্রভাব : ইসলামি অর্থনীতি সমাজে সহানুভূতি, দান এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে। আর সুদভিত্তিক অর্থনীতি সমাজে শোষণ, ঋণের বোঝা ও বৈষম্য সৃষ্টি করে।
অর্থনৈতিক স্থিতিশীলতা : ইসলামি অর্থনীতি সুদের অনুপস্থিতির কারণে স্থিতিশীল ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকে। আর সুদভিত্তিক অর্থনীতি চক্রবৃদ্ধি ঋণ ও মন্দার মাধ্যমে সংকট তৈরি করে।
চূড়ান্ত লক্ষ্য : ইসলামি অর্থনীতির লক্ষ্য হলো দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ। আর সুদভিত্তিক অর্থনীতির লক্ষ্য হলো দুনিয়ায় লাভ ও পুঁজির বৃদ্ধিই প্রধান।
সুদের বিকল্প ইসলামি সমাধান
ইসলামি অর্থনীতিতে ঝুঁকি ভাগাভাগির ভিত্তিতে মুনাফা নির্ধারণ করা হয়। এতে উভয়ই লাভের অংশীদার ও ক্ষতির দায়ভার বহনে প্রস্তুত থাকে। ইসলামি অর্থনীতি শুধু সুদ নিষিদ্ধ করেনি; বরং বাস্তবসম্মত বিকল্প পদ্ধতিও দিয়েছে, যেমন-
মুশারাকা (অংশীদারত্বভিত্তিক ব্যবসা) : যেখানে একাধিক ব্যক্তি যৌথভাবে মূলধন দিয়ে ব্যবসা পরিচালনা করে এবং লাভ-ক্ষতি চুক্তি অনুযায়ী বণ্টন হয়।
মুদারাবা : একজন পুঁজি দেয়, অন্যজন ব্যবসা পরিচালনা করে; লাভ ভাগ হয় পূর্বনির্ধারিত আনুপাতিক হারে, ক্ষতি হলে মূলধনদাতা তা বহন করে। এতে দুপক্ষেরই দায়-দায়িত্ব থাকে।
ইজারা : ভাড়াভিত্তিক অর্থব্যবস্থা, যেখানে সম্পদ (যেমন বাড়ি, গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি) ভাড়া দেওয়া হয়। এটি সুদ ছাড়াই দীর্ঘমেয়াদি আয় ও সেবা প্রদানের পদ্ধতি।
বাই সালাম ও বাই মুয়াজ্জাল : পণ্য আগাম বিক্রি বা পরিশোধযোগ্য সময়সীমার ভিত্তিতে লেনদেন। বিশেষত কৃষি ও শিল্প খাতে এটি অত্যন্ত কার্যকর।
ইসলাম শুধু একটি ধর্ম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যার মধ্যে অর্থনীতিরও একটি সুবিন্যস্ত কাঠামো রয়েছে। যেখানে নিষ্ঠুর সুদের পরিবর্তে ইনসাফ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পদ লেনদেন হয়। যেখানে ধনশালী ব্যক্তি দাতা আর দরিদ্র ব্যক্তি শোষিত নয়; বরং অংশীদার। যেখানে অর্থ শুধু মুনাফা অর্জনের উপায় নয়; বরং আল্লাহর পক্ষ থেকে আমানত ও ইবাদতের মাধ্যম। ইসলামি অর্থনীতি ইনসাফ, কল্যাণ ও তাকওয়ার ভিত্তিতে গড়ে ওঠা একটি মানবিক ব্যবস্থা। অন্যদিকে সুদভিত্তিক অর্থনীতি শোষণ, বৈষম্য, ও দাসত্বের নতুন রূপ। বর্তমান বৈষম্য, ঋণচক্র ও ধনতান্ত্রিক শোষণ থেকে মুক্তির একমাত্র উপায় হলো এ ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা। এটা শুধু মুসলিম সমাজের নয়, বরং মানবজাতির সার্বিক মুক্তির দিশা। আসুন, আমরা ইসলামি অর্থনীতিকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে মুক্তির পথ প্রশস্ত করি।
লেখক : মুহাদ্দিস, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া নেছারিয়া দীনিয়া, পিরোজপুর।