মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১২টার পর শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেন।

জনসভাকে ঘিরে রাতের আঁধার কাটিয়ে আলো ঝলমল হয়ে উঠে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ। কানায় কানায় পূর্ণ স্লোগানমুখর মাঠে ছিল মানুষ।

তারেক রহমানের বক্তব্য শুনতে এবং দেখতে সমাবেশস্থল থেকে শুরু করে আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে মিছিলে ভরপুর হয়ে উঠেছে বগুড়া শহর। সব মিলিয়ে পৈতৃক জেলা বগুড়ায় মধ্যরাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ‘জনতরঙ্গ’ সৃষ্টি হয়।
নির্বাচনী জনসভা হলেও নিজের জেলার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তারেক রহমান বলেন, ঘরের মানুষের কাছে বলার কিছু নেই।

তবে এবারের নির্বাচনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে ধানের শীষকে জয়ী করার জন্য বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার নওগাঁর জনসভা থেকে তারেক রহমানের বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছাতে মধ্যরাত হয়ে যায়। লাখো মানুষ তাকে অভ্যর্থনা জানায়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় জনসভার মাঠ ও আশপাশের এলাকা।

বগুড়ার মানুষের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, তবে সতর্ক থাকতে হবে, যেন বগুড়ার ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার আমরা হরণ না করি।

২০০১ থেকে ২০০৬ সালে বগুড়ার মানুষ যেভাবে তাকে পেয়েছে, এবারের অবস্থা ভিন্ন বলে বর্ণনা করে তারেক রহমান বলেন, এবার বগুড়াবাসীকে দেশের নেতৃত্ব দিতে হবে। শুধু নিজেদের কথা ভাবলে হবে না।

বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। তিনি বলেন, আজ এই মুহূর্তে আপনাদের কিছু দেওয়ার নেই আমার, আজ আপনাদের কাছে শুধু চাওয়ার আছে আমার।

ঘরের মানুষ, এই যে আমি এত রাতে মিটিং করছি, এই যে রাজনীতি করছি; আমার স্ত্রী যদি সহযোগিতা না করতেন, আমি কিন্তু পারতাম না, পারতাম? উনি (জুবাইদা রহমান) আছেন বলেই আমি পেরেছি।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রচার গাড়ি থেকে জনসভার মঞ্চ- দুজনকে সবসময়ই কাছাকাছি দেখা গেছে।

স্ত্রীর এই সহযোগিতাকে সম্মান জানিয়ে তারেক রহমান বলেন, ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি-সমর্থন আপনারা দেন; তাহলে ইনশাআল্লাহ; আগামীতে বাংলাদেশকে আমরা একটি ভালো, শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব।

দেশের উত্তরাঞ্চল সফরের প্রথম দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও নওগাঁ জেলা সফর শেষে রাত ১১টা ৫০ মিনিটে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন। সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

মঞ্চে উপস্থিত হয়েই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আতাউল্লাহ নিজামি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান চালাতেই তিনি এ উত্তরবঙ্গ সফর শুরু করেছেন ৷

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। পরে তিনি হজরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।

পরে তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁর জনসভায় ভাষণ দেন। এরপর রাত ৮টায় দিকে তিনি নওগাঁ থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। আসার পথে ৬০ কিলোমিটার সড়কের দুপাশে অগণিত নারী পুরুষ তাকে অভিবাদন জানান। পথে পথে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। জনস্রোতের কারণে ভিড় ঢেলে তারেক রহমানের বহনকারী গাড়িবহরকে এগোতে হয় ধীরগতিতে। ফলে তাকে বগুড়া শহরে পৌঁছাতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। রাত গভীর হলেও হাজার হাজার নেতাকর্মী সমর্থক বিকেল থেকে আলতাফুন্নেছা খেলার মাঠে অপেক্ষা করতে থাকেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।

এদিকে জনসভাকে ঘিরে রাতের আঁধার কাটিয়ে আলো ঝলমল হয়ে উঠে আলতাফুন্নেছা খেলার মাঠ। কানায় কানায় পূর্ণ স্লোগানমুখর মাঠে প্রতীক্ষায় ছিল মানুষ। তারেক রহমানের বক্তব্য শুনতে এবং দেখতে সমাবেশস্থল থেকে শুরু করে আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে মিছিলে ভরপুর হয়ে উঠেছে বগুড়া শহর। দুপুর থেকেই বগুড়ার বিভিন্ন পৌরসভা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন।

মানুষের ঢলে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারেক রহমানকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেকেই তার বক্তব্য শুনতে এবং দেখতে মাইক ও ডিজিটাল পর্দার সামনে এবং বাড়ির ছাদে অবস্থান নেন।

বিএনপির চেয়ারম্যান ৩০ জানুয়ারি ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে, ৩১ জানুয়ারি বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD