বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। দীর্ঘ ২২ বছর পর শনিবার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২০০৩ সালের ৮ ডিসেম্বর সর্বশেষ ঠাকুরগাঁও গিয়েছিলেন। তারেক রহমানের নির্বাচনি সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশস্থলে শুক্রবার সকাল থেকে মঞ্চ প্রস্তুতের কাজ শুরু হয়। একই সঙ্গে জনসভায় নেতাকর্মী, সমর্থকদের উপস্থিত থাকতে প্রচারণা চলছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে চড়ে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে আসবেন। বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের জনসভায় যোগ দেবেন। বেলা একটার দিকে তিনি নীলফামারীর উদ্দেশে রওনা দেবেন।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জনসভা মঞ্চের প্রস্তুতি দেখতে বড় মাঠে এসেছিলেন। সেখানে তিনি বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে আসছেন। এই খবরে ভোটার ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করছি। আমরা মনে করি, শনিবারের এই জনসভা পিছিয়ে থাকা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।’

মির্জা ফয়সল আমিন আরও বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে জেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন। এই জনসভা ঘিরে শনিবার এই শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশে জেলার তিনটি নির্বাচনি আসনসহ পঞ্চগড় ও দিনাজপুরের একটি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে নেতাকর্মীরা আসবেন।

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তারেক রহমানের কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হবে বলে জানান বিএনপির এই নেতা। মূল দাবিগুলো হলো ঠাকুরগাঁওয়ে ইপিজেড প্রতিষ্ঠা, বন্ধ বিমানবন্দরটি চালু করা, মেডিক্যাল কলেজ–পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, দক্ষ মানবসম্পদ প্রযুক্তিকেন্দ্র স্থাপন এবং কর্মসংস্থানের জন্য কলকারখানা স্থাপন করা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD