বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেন, দেশে মোট জনসংখ্যার ৫১ শতাংশই নারী। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবাবিষয়ক গুলশান-বনানী-বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
ডা. জুবাইদা বলেন, নারীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সহজ করতে ডে-কেয়ার সেন্টার ও নারী সাপোর্ট সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি উদ্যোক্তা নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমরা আজ সবাই নিজ নিজ ক্ষেত্রে অবদানের মাধ্যমে বাংলাদেশের নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেষ্টা করতে পারি। দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া অসম্ভব।