শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আমার ছবি টাঙিয়ে দোকানদারি বন্ধ করুন : এমপি নুরুল আমিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

‘৫ আগস্টের পর যেসব নেতাকর্মী ব্যক্তিগত অফিসের নাম দিয়ে বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারে দোকান খুলে বসেছেন, তা বন্ধ করতে হবে। নির্বাচনী প্রচারণায় গিয়ে অনেকের অফিসে আমার ছবি দেখেছি। কারো অফিসে আমার ছবি রাখবেন না। আমার ছবি টাঙিয়ে আপনাদের দোকানদারি বন্ধ করুন।

আমি কারো কাছ থেকে কমিশন নেই না। আপনাদের অপকর্মের দায় আমি নেব না। ব্যক্তিগত অফিস যদি বন্ধ না করেন, তাহলে নেতৃবৃন্দ গিয়ে তা বন্ধ করে দেবেন। দলীয় অফিসে শুধুমাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকবে।’

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন নির্বাচনী পরবর্তী দলীয় নেতাকর্মী ও বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বারইয়ারহাট প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নুরুল আমিন বলেন, ‘নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি বিজয়ী হলেও ভোটের ব্যবধান আরো বেশি হওয়ার কথা ছিল। কেন কম হয়েছে তা বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে।

মিরসরাইয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে কোনো গ্রুপিং থাকবে না। আমরা সবাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গ্রুপ করব।’
নির্বাচন-পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘মিরসরাইকে আমি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস-চাঁদাবাজি কেউ করতে পারবে না। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে পুরো উপজেলাবাসী আমাদের পক্ষে থাকবে।

সিনিয়র নেতৃবৃন্দকে এ বিষয়ে কাজ শুরু করতে হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে আপনারা আমাদের সহযোগিতা করুন।’
নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সমাজে একটি গুজব ছড়ানো হয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে কেউ বাড়িঘরে থাকতে পারবে না। অথচ নির্বাচনের আগে ও পরে মিরসরাইসহ সারাদেশে কোনো সহিংসতা বা মারামারির ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় এসেছে বলেই এটি সম্ভব হয়েছে। অতীতে নির্বাচন-পরবর্তী সময়ে অনেক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছিল।’

উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এবং আহ্বায়ক আবদুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি আসন থেকে নবনির্বাচিত বিএনপি মনোনীত এমপি সরোয়ার আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচনী প্রধান এজেন্ট দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা এ.কে.এম. জান্নাতুল করিম খোকন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মইন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা লায়ন তাহের আহমদ, ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সদস্য শাহিনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD