ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী এ বৈঠকে সভাপতিত্ব করবেন। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি জরুরি প্রতিক্রিয়া কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় বলেন, আগামীকাল আমি কোবরা বৈঠকে সভাপতিত্ব করব। বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও থাকবেন। সংকটে কর্মজীবী মানুষের পাশে থাকতে করণীয় নির্ধারণ করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
এদিকে তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের জাঞ্জান প্রদেশে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের ৩টি বাংকারবিধ্বংসী বোমাও রয়েছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় নিক্ষিপ্ত অবিস্ফোরিত অস্ত্র শনাক্তে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো অভিযান চালায়। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ অভিযান পরিচালিত হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্র অংশ বা ‘বোম্বেট’ শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলো শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল বলে দাবি করা হয়।
এ ছাড়া, বিভিন্ন ধরনের অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্রও উদ্ধার করা হয়। আইআরজিসির তথ্যমতে, মোট ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে এবং ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।