পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন, শুভেন্দু অধিকারীই মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। তবে দিল্লিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের গোপন বৈঠকের খবর সামনে আসার পর নতুন করে জল্পনা তৈরি হয়েছে।সংবাদ পরিবেশন
ফল ঘোষণার পর অগ্নিমিত্রা পাল দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।
যদিও বৈঠকের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি, তবে এই সফর রাজ্য রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে।
মুখ্যমন্ত্রী পদে সম্ভাব্যদের তালিকায় শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচিত। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয় লাভ করে তিনি নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করেছেন। বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা তার বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এছাড়াও দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত এবং আরএসএস ঘনিষ্ঠ কার্তিক মহারাজের নামও আলোচনায় রয়েছে। এর মধ্যেই অগ্নিমিত্রা পালের সক্রিয়তা তাকে গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে সামনে এনেছে।
দলীয় সূত্রে ইঙ্গিত মিলছে, নতুন সরকারে এক বা একাধিক উপমুখ্যমন্ত্রীও থাকতে পারেন। সেখানে অগ্নিমিত্রা পালের নাম বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। আন্দোলন ও সাংগঠনিক ভূমিকার কারণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।
একইসঙ্গে নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব বাড়তে পারে বলেও আলোচনা রয়েছে। বিজেপির চমকপ্রদ প্রার্থীদের মধ্যে অভয়ার মা রত্না দেবনাথও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের দাবি, দিল্লিতে অমিত শাহের বাসভবনে সম্ভাব্য মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
আগামী ৯ মে ব্রিগেডে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে।