যুক্তরাষ্ট্রের একটি দুর্নীতি মামলায় ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এক কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন। তবে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেননি বলে জানিয়েছে তার প্রতিষ্ঠান।
শুক্রবার (১৫ মে) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের নভেম্বরে নিউইয়র্কের একটি আদালতে দায়ের করা মামলায় গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়। মামলায় বলা হয়, লাভজনক সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের প্রায় ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার একটি পরিকল্পনায় তারা জড়িত ছিলেন।
মুম্বাই স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া আদানি গ্রিন এনার্জির এক চিঠিতে বলা হয়, গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি এক কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন। তবে তারা আদালতে আনা অভিযোগ স্বীকার করেননি।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছেন। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়ে দায়ের হওয়া এই মামলায় সম্প্রতি আইনজীবীদের নতুন একটি দল নিয়োগ দেন আদানি। ওই দলের নেতৃত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের একজন রবার্ট জিউফ্রা।
তবে আদানি গ্রিন এনার্জির চিঠিতে বলা হয়েছে, মামলার চূড়ান্ত রায় এখনো হয়নি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি বলে দাবি করা হয়।
কয়লা, বিমানবন্দর, সিমেন্ট ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক গৌতম আদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে করপোরেট জালিয়াতির অভিযোগ ও শেয়ারবাজারে বড় ধসের কারণে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন।