দিনকয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরে গিয়েছিলেন। তার সপ্তাহ না পেরোতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেলেন চীনে। পুতিনকে ঠিক সেভাবেই স্বাগত জানানো হয়েছে, যেভাবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়া হয়েছিল।
পুতিনের জন্য আজ লাল গালিচা বিছানো হয়েছে। ২১ তোপে স্বাগত জানানো হয়েছে। শিশুরা রুশ ও চীনা পতাকা নাড়িয়ে ‘আপনাকে স্বাগত’ বলে।
তবে একটাই পার্থক্য ছিল। ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং। আর পুতিনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এরপর গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার বৈঠক শুরু হয়। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুই দেশ ‘রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতা’ আরও গভীর করেছে। তিনি আরও বলেন, বিশ্ব এখন ‘ক্রমেই বিশৃঙ্খল’ হয়ে পড়ছে এবং ‘আধিপত্যবাদ সর্বত্র ছেয়ে গেছে’।
শি চীন ও রাশিয়াকে একসাথে ‘আরও ন্যায়সংগত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জানান।
তার এই মন্তব্য দুটো বিষয় স্পষ্ট করে। প্রথমত, বেইজিং ও মস্কোর মধ্যে যে গভীর আস্থার সম্পর্ক আছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তা নেই।
দ্বিতীয়ত, শি এমন একটি বহুমেরুর বিশ্ব চান যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব কমে আসবে।
সূত্র– আল জাজিরা