সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের একটি এলাকায় দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (০৭ জুন) এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালালে এ ঘটনা ঘটে। টলেডো পুলিশের লেফটেন্যান্ট ড্যান গারকেন সাংবাদিকদের বলেন, ‘আমি অনেক ঘটনার স্থান পরিদর্শন করেছি, কিন্তু এটি সবকিছুকে ছাড়িয়ে গেছে।’ খবর রয়টার্সের।

পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবার বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে অভিযান চলছে। টলেডো পুলিশের উপপ্রধান জোসেফ হেফারনান জানান, তদন্ত এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে কিছু আলামত রয়েছে এবং কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

টলেডোর জননিরাপত্তা বিভাগের পরিচালক জর্জ ক্রালও সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়েছেন। ক্রালের মতে, ঘটনাস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এটি টলেডোর অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উৎসব। এমন একটি ঘটনা উৎসবের আনন্দ নষ্ট করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এক ফেসবুক পোস্টে পুলিশ জানায়, আহত অনেককে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD