ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তাবিষয়ক একটি বৈঠক ডেকেছেন। ইসরায়েলি একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় সময় আজ সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, এটি হবে একটি সীমিত আকারের বৈঠক, যেখানে শুধু অল্পসংখ্যক গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত থাকবেন। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পরিস্থিতিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
ইরানের আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সংস্থাটি দাবি করেছে, কয়েক মিনিট আগে এই হামলা চালানো হয়।
আইআরজিসির বক্তব্য অনুযায়ী, ইসরায়েল তিনটি পৃথক এলাকায় রাডার স্থাপনায় হামলা চালানোর জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সোমবার ভোরে ইসরায়েল মধ্য ও পশ্চিম ইরানে বিমান হামলা চালায়। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ইসফাহান, কারাজ, তাবরিজ ও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
তেহরানের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজধানীর পশ্চিম দিক থেকে অন্তত একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর ইরান তেহরানের প্রধান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরায়েল উত্তেজনা তীব্র হয়ে উঠেছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।