আরেক দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল বীরসীবাকে টার্গেট করে। সেগুলো প্রতিহতের চেষ্টা করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে এক দফা মিসাইল ছুড়ে তেহরান। এরমধ্যে আবার ১০টা ৩০ মিনিটের মধ্যে আরেক দফা মিসাইল নিক্ষেপ করে দেশটি।
এর আগে ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১ টার দিকে ইসরায়েলে হামলা চালায় ইরান। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তা জানা যায়নি। আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজেে উঠলে তারা সতর্ক অবস্থান নেন।
পরে আইডিএফ জানায়, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলজুড়ে স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। একইসঙ্গে নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।
ইরানের তাসনিম এজেন্সির বরাত দিয়ে দেওয়া এক বিবৃতিতে, ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়ার একজন কমান্ডার বলেছেন, বৈরুতে হামলা এবং দক্ষিণ লেবাননে তাদের আক্রমণ বিস্তৃত করার মাধ্যমে ইসরায়েল ‘সমস্ত সীমা’ অতিক্রম করেছে।
উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেছেন, আমরা বার বার বলেছি যে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন ইসলামি প্রজাতন্ত্রী ইরান সহ্য করবে না। আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলাম।