রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

উত্তর কোরিয়া তাদের নতুন ৫ হাজার টন ধারণক্ষমতার যুদ্ধজাহাজ কাং কন থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এসময় পরীক্ষাগুলো সরাসরি তদারকি করেন দেশটির নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শুক্রবার (৩ জুন) কাং কন ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ-কামান, স্বয়ংক্রিয় কামান এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম জং উন। একই সঙ্গে তিনি আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

গত বছরের জুনে যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে নামানো হয়। এর প্রায় এক মাস আগে প্রথমবার উদ্বোধনের চেষ্টা চলাকালে এটি দুর্ঘটনার শিকার হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়া কাং কন ডেস্ট্রয়ার থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তারা শনাক্ত করেছে।

কেসিএনএর ভাষ্য অনুযায়ী, এ অস্ত্র পরীক্ষার উদ্দেশ্য ছিল যুদ্ধক্ষেত্রে ডেস্ট্রয়ারটিতে সংযুক্ত বিভিন্ন ধরনের অস্ত্রব্যবস্থার কার্যকারিতা যাচাই করা।

এসময় কিম জং উন দেশটির প্রতিরোধক্ষমতা ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের প্রচেষ্টা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD