সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ইউএস-বাংলার বহরে আসছে ২১ ব্র্যান্ডনিউ বোয়িং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে ইতিহাস গড়তে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বহর সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে ২১টি ব্র্যান্ডনিউ বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ যুক্ত হচ্ছে এয়ারলাইনসটিতে।

বিশ্বসেরা ৫টি এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠান ইউএস-বাংলাকে এই উড়োজাহাজগুলো দিচ্ছে, যার বাজারমূল্য প্রায় ১.১১ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকা)।

​বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঠানো ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি চিঠি থেকে এই বিনিয়োগের তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, বিশ্বের অন্যতম শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের এই নতুন উড়োজাহাজগুলো যুক্ত হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে। এসব বিমানবন্দর থেকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

আগামী ২৯ জুলাই রাজধানীতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বোয়িং এবং ইউএস-বাংলা যৌথভাবে এই বহর সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এবং বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথের সিংহভাগ বিদেশি এয়ারলাইনসের নিয়ন্ত্রণে থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। খাতসংশ্লিষ্টদের মতে, দেশীয় ক্যারিয়ারগুলোর সক্ষমতা বাড়লে বিদেশি এয়ারলাইনসের ওপর নির্ভরতা কমবে এবং দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।

এভিয়েশন ও বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশের কোনো সরকারি বা বেসরকারি এয়ারলাইনস এর আগে একসঙ্গে এত বড় পরিসরে বহর সম্প্রসারণের উদ্যোগ নেয়নি। আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের এই উদ্যোগ অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন ও বিনিয়োগকে আরো গতিশীল করবে। একই সঙ্গে বিপুলসংখ্যক পাইলট, ইঞ্জিনিয়ার ও সহায়ক জনবলের প্রয়োজন হবে, যা দেশে বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টি করবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার এ টি এম নজরুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাংলাদেশের এভিয়েশন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে একসঙ্গে এতগুলো এয়ারক্রাফট পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করতে হবে।

কোন রুটে কি ধরনের চাহিদা রয়েছে, সে অনুযায়ী উপযুক্ত রুট ও এয়ারক্রাফট নির্বাচন করা গেলে এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে সফল হবে।
​এভিয়েশন সূত্র মতে, ২০২৬-২৭ সালে বিশ্বের কোনো একক এয়ারলাইনসের একবছরে ২১টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার ঘটনা খুবই বিরল। বাংলাদেশের সর্বপ্রথম আইএটিএ (IATA) সার্টিফাইড বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এই অনন্য নজির গড়তে যাচ্ছে।

​নতুন উড়োজাহাজগুলোতে আন্তর্জাতিক মানের কেবিন ইন্টেরিয়র এবং প্রিমিয়াম সিটের পাশাপাশি থাকবে আধুনিক ওয়্যারলেস ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম, যার মাধ্যমে যাত্রীরা তারবিহীনভাবে সিনেমা, নাটক ও গান উপভোগ করতে পারবেন। এ ছাড়া থাকবে ইন-ফ্লাইট ওয়াই-ফাই সুবিধা, যার ফলে যাত্রীরা আকাশে ভ্রমণের সময়ও ইন্টারনেট ব্যবহার এবং ফোনকলে কথা বলতে পারবেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD