যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনে বোমা হামলা ও আইনপ্রণেতাদের হত্যার একটি কথিত পরিকল্পনা নস্যাৎ করেছে এফবিআই। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার এফবিআই পরিচালক কাশ প্যাটেল এ তথ্য জানান।
ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আলবেনির ৩৫ বছর বয়সী জেসিকা বোয়িকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
কৌঁসুলিদের অভিযোগ, বোয়ি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং ক্যাপিটল ভবনে অঙ্গরাজ্যের সিনেটররা উপস্থিত থাকার সময় বিস্ফোরক ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছিলেন।
আদালতের নথি অনুযায়ী, কথিত পরিকল্পনা এগিয়ে নেওয়ার সময় বোয়ি একাধিকবার ক্যাপিটল ভবন পর্যবেক্ষণ করেন। তিনি বিস্ফোরক তৈরির জন্য বিভিন্ন সরঞ্জামও সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, ভবনের সর্বোচ্চ ক্ষতি করা এবং আইনপ্রণেতাদের হত্যা করাই ছিল তার উদ্দেশ্য। পুলিশ বাধা দিলে তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্যও তিনি প্রস্তুত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে মামলার এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।
সূত্র: শাফাক নিউজ এজেন্সি