মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬’-এ তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন।

গত ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বোল্টনের ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ১১০ জন প্রতিযোগীর মধ্যে ‘A2’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেন হাফেজ সাদ। কুরআন তিলাওয়াতের সুললিত উপস্থাপনার জন্য তিনি বিচারকদের প্রশংসা কুড়ান। ফলাফল ঘোষণার পর তাকে বিশেষ সনদ ও সম্মাননা দেওয়া হয়।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতাও রয়েছে। এর আগে একই প্রতিষ্ঠান থেকে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও তুরস্কসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন।

হাফেজ সাদের সাফল্যে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, “আলহামদুলিল্লাহ, এই অর্জন শুধু সাদ নূরের নয়, পুরো বাংলাদেশের। আমাদের লক্ষ্য কুরআনের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলা, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারে।”

সংশ্লিষ্টদের মতে, হাফেজ সাদের এই সাফল্য দেশের নতুন প্রজন্মের কুরআন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD