চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
সাইবার সুরক্ষা আইনের মামলায় তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়েছিল কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিসি)। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব কান্তি দে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৫ সেপ্টেম্বর রাতে নগরের দক্ষিণ খুলশীর ২ নম্বর সড়কের বিশ্রাম ভবনের নিচতলায় স্টেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট, এলআইসি শাখা ও জেলা পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান।
কুরিয়ার সার্ভিসে বুকিং থাকা মালামাল তল্লাশি করে দুটি পলিব্যাগ থেকে ১১৮ গ্রাম কোকেন জব্দ করা হয়। এর মধ্যে একটিতে ৬০ গ্রাম ও অন্যটিতে ৫৮ গ্রাম কোকেন ছিল। উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের আব্দুর ওউফের ছেলে রিয়াদুল আহম্মেদ এবং ঢাকার দক্ষিণখানের কলিল বক্স রোডের মো. আলমগীরকে আসামি করে খুলশী থানায় মামলা করা হয়। পরে গত শনিবার চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার বাসিন্দা এস এম মহসিনকে গ্রেপ্তার করে পুলিশ।
কোকেনের চালান আটকের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন গোয়েন্দারা। একপর্যায়ে এলআইসি শাখার গোয়েন্দারা খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পান।
পাঁচ দিন গোয়েন্দা তথ্য সংগ্রহের পর থানা-পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট, এলআইসি শাখা, র্যাবসহ বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই ভবনে অভিযান চালান।
অভিযানে ভবনের প্রতিটি তলায় তৈরি করা সার্ভার স্টেশনে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়।
অভিযানে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের কারও কাছে পাসপোর্ট পাওয়া যায়নি।
পরে তাদের সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার তাঁদের রিমান্ড শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।