শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এটি আরও শক্তিশালী হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডাউন টু আর্থ।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে, এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।

এরপর আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যেতে পারে। একই সঙ্গে ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে, উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।

সূত্র: ডাউন টু আর্থ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD