দীর্ঘ ৭১ বছর পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান পদে ফিরছে পাকিস্তান। আগামী বছরের জন্য সংস্থা দুটির বোর্ড অব গভর্নরসের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছে দেশটি। শুক্রবার (১৬ অক্টোবর) পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক ফেডারেল মন্ত্রী ও বিশ্বব্যাংকে দেশটির গভর্নর আহাদ খান চিমাকে আনুষ্ঠানিকভাবে পরবর্তী চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। ১৯৫৩ সালের পর এই প্রথম পদটিতে ফিরছে পাকিস্তান।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। এতে ১৯১টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থনৈতিক নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাসহ ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিশ্ব অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ ও উন্নয়ন অর্থায়ন নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় এই মনোনয়নকে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য, এই দায়িত্বের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নসংক্রান্ত আলোচনায় অবদান রাখার পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাবে পাকিস্তান।
উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে কাজের অঙ্গীকার
চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশ্বব্যাংক গ্রুপের করপোরেট সচিবালয়ের কাছ থেকে অবহিত হয়েছেন আহাদ খান চিমা। এ ছাড়া বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সচিব আরাধনা কুমার-কাপুরের সঙ্গে বৈঠক করে দায়িত্ব পালনের সময় প্রাতিষ্ঠানিক সহায়তা ও সমন্বয় নিয়ে আলোচনা করেন তিনি।
বিদায়ী চেয়ারম্যান ও প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভাল্লো স্পালডিংয়ের সঙ্গেও বৈঠক করেন চিমা। দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বের প্রশংসা করে নতুন বছরের দায়িত্ব ও অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
বৈঠকগুলোতে উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য ও অংশগ্রহণ জোরদার, উন্নয়ন অর্থায়নে কার্যকারিতা ও পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত, বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন পাকিস্তানের মন্ত্রী।
পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাংক, আইএমএফ ও সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে গঠনমূলক আলোচনা এগিয়ে নেওয়া এবং আরও কার্যকর আন্তর্জাতিক উন্নয়ন ও আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে অবদান রাখার অঙ্গীকার করেছেন চিমা।
বিশ্বব্যাংকপ্রধানের সঙ্গে বৈঠক পাকিস্তানের অর্থমন্ত্রীর
এদিকে, ব্যাংককে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে তাঁদের সাক্ষাৎ হয় বলে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আওরঙ্গজেব। এ সময় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করছেন তিনি।
আইএমএফের সঙ্গে ৮৪০ কোটি ডলারের কর্মসূচিতে পাকিস্তান
পাকিস্তান বর্তমানে আইএমএফের সঙ্গে ৭০০ কোটি ডলারের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং ১৪০ কোটি ডলারের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় যুক্ত রয়েছে।
চলতি মাসের শুরুতে ইএফএফের চতুর্থ এবং আরএসএফের তৃতীয় পর্যালোচনা শেষে দুই পক্ষ কর্মীপর্যায়ে সমঝোতায় পৌঁছায়। এর ফলে আইএমএফের তহবিল থেকে প্রায় ১২০ কোটি ডলার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। সূত্র: ডন।