বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকালে হামলার সময় স্টেশনের প্ল্যাটফর্মে একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি জাপোরিঝিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জেটচালিত একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

ইউক্রেনীয় রেলওয়ে কর্তৃপক্ষ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, দিনিপ্রো-জাপোরিঝিয়া রুটের ৮৬৬ নম্বর ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোনটি আঘাত হানে। ওই এলাকায় উচ্চ ঝুঁকির সতর্কতা জারি থাকলেও প্ল্যাটফর্মে লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে, রেলস্টেশনে এ হামলাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার ঘটনায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি প্রশ্ন তোলেন, রাশিয়ার কিছু অলিগার্ক ও জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পরও দেশটি ইউক্রেনের জনগণের ওপর কতগুলো হামলা চালিয়েছে। অথচ ওই পদক্ষেপের উদ্দেশ্য ছিল পরিস্থিতি শান্ত করা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD