ইরানে নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদোল্লাহি। তিনি বলেছেন, এবার হামলা হলে শত্রুপক্ষকে আগের চেয়েও প্রাণঘাতী আঘাতের মুখে পড়তে হবে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্বে থাকা আবদোল্লাহি বলেন, ইরানের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত যেকোনো স্থাপনা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এসব লক্ষ্যবস্তুতে অসমমিত সামরিক অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, চলমান যুদ্ধ প্রমাণ করেছে, ইরানের সামরিক সক্ষমতা ও প্রযুক্তির সামনে পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে। তার দাবি, উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম থাকা সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা নিয়েও বক্তব্য দেন আবদোল্লাহি। তিনি বলেন, শত্রুপক্ষের ব্যাপক গোলাবর্ষণ ও হামলার মধ্যেও ইরানের অস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব।
তার দাবি, দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উৎপাদন লাইনগুলো মাটির গভীরে এবং বিভিন্ন সুড়ঙ্গের ভেতরে স্থাপন করা হয়েছে। ফলে সরাসরি হামলার মধ্যেও এসব স্থাপনায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব।
আবদোল্লাহির এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর সামরিক অবস্থানের বিষয়টি আবারও সামনে এসেছে। একই সঙ্গে নতুন করে হামলা হলে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতির কথাও স্পষ্ট করেছে তেহরান।
সূত্র: আল জাজিরা