শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে বড় উদ্যোগ সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ পাকিস্তানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম: নুসরাত অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি না হলে আগামী কয়েক সপ্তাহ ইসরাইলের নতুন করে যুদ্ধে জড়ানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন দেশটিতে সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকোট।

ইসরাইলে সরকার গঠন নিয়ে জটিল রাজনৈতিক সমীকরণের মধ্যেই তিনি বলেন, নতুন সরকার গঠনের আগপর্যন্ত বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন কোনো ‘ঝুঁকিপূর্ণ পদক্ষেপ’ নেওয়া উচিত নয়, যা পরে নেওয়ার সুযোগ রয়েছে।

আইজেনকোট সতর্ক করে বলেন, নেতানিয়াহু যদি এ সময়ে সেনাদের যুদ্ধে পাঠানোর নির্দেশ দেন, তাহলে দেশে ‘সাংবিধানিক সংকট’ তৈরি হতে পারে। অনেকের কাছেই এমন সিদ্ধান্তকে ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক কৌশল হিসেবে মনে হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন, ঠিক তখনই আইজেনকোটের এ আহ্বান এলো।

গত অক্টোবরে ইসরাইলের জাতীয় নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে অনিশ্চয়তার মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেন। প্রয়োজনে এ সময়সীমা বাড়িয়ে ৪২ দিন করা হতে পারে।

আইজেনকোট ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে আগ্রহী তিনি। এমন পদক্ষেপের মাধ্যমে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন এবং ক্ষমতায় নিজের অবস্থান ধরে রাখার সুযোগ তৈরি হতে পারে।

নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তাৎক্ষণিক ও সরাসরি কোনো হুমকি না থাকলে, নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত ইসরাইলের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি নাগরিকদের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’

জবাবে নেতানিয়াহু বলেন, স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু নিয়ে প্রকাশ্যে আলোচনা করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে তার কার্যালয় জানায়, নেতানিয়াহুর সব সিদ্ধান্তই নেওয়া হয় কেবল নিরাপত্তার স্বার্থে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে।

তবে আইজেনকোটের দাবি, প্রচলিত রীতি অনুযায়ী তিনি সামরিক অভিযানের হালনাগাদ তথ্য চেয়েছিলেন, কিন্তু তাকে তা দেওয়া হয়নি। তিনি বলেন, ‘নিরাপত্তাসংক্রান্ত বিবেচনা থেকে এক মিলিমিটারও বিচ্যুতি আমি মেনে নেব না।’

মঙ্গলবার ইসরাইলের নতুন পার্লামেন্ট নেসেটের প্রথম অধিবেশন বসে। আইজেনকোট ও তার সঙ্গে থাকা বিরোধী নেতারা পার্লামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন। তবে পূর্ণাঙ্গ জোট গঠনের আলোচনা আরো কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD