কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে চীনের কোম্পানি চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
প্রকল্পের আওতায় মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপন করা হবে।
এই স্থাপনা চালু হলে ভাসমান ইউনিটের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও তা পুনঃগ্যাসীকরণের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
সূত্র: বাসস