শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করতে যাচ্ছে তেহরান। এ লক্ষ্যে পারস্য উপসাগরের খার্গ দ্বীপে ১৪টি তেলবাহী ট্যাংকার প্রস্তুত রাখা হয়েছে। স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, এসব ট্যাংকারে নাবিকদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং জাহাজগুলোতে ইরানের পতাকাও ওড়ানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বহরটি ওমান সাগরের দিকে যাত্রা করতে পারে। খবর ইউরো নিউজের।

খার্গ দ্বীপের টার্মিনাল থেকেই ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ রপ্তানি হয়। ফলে এই দ্বীপকে কেন্দ্র করে ইরানের সাম্প্রতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কার্যকারিতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, তাদের হাতে থাকা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান আবারও তেল রপ্তানি শুরু করছে।

অবরোধ কঠোর হওয়ার মধ্যেই পারস্য উপসাগরে দুটি ট্যাংকারের মধ্যে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর করা হয়েছে। স্যাটেলাইট চিত্র ও নৌপরিবহনসংক্রান্ত তথ্য অনুযায়ী, খার্গ দ্বীপের কাছাকাছি এ স্থানান্তর হয়। এ সময় তেলের উৎস গোপন রাখতে জাহাজগুলোর স্বয়ংক্রিয় পরিচিতি ব্যবস্থা (এআইএস) বন্ধ রাখা হয়েছিল।

এর আগে ওয়াশিংটন এ ধরনের তেল স্থানান্তরের সঙ্গে জড়িত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল।

ইসরায়েলের চ্যানেল ১৪ এবং ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম সাবেরিন নিউজ জানিয়েছে, কয়েক ডজন ইরানি ট্যাংকার চীনের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। জাহাজগুলো অবরোধের সীমারেখার কাছাকাছি এগিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট এক সাংবাদিক প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ট্যাংকারে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের তেল স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।

মোহাম্মদ এনায়াতি নাজাফাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের একটি প্রতিবেদন ভাগ করে এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ইরানের কোনো ট্যাংকারের চলাচলে বাধা দেওয়া হলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের তেল স্থাপনাগুলোতে বিস্ফোরণ ঘটবে।

ফার্সের ওই প্রতিবেদনে পারস্যের মহাকাব্য ‘শাহনামা’র একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে পৌরাণিক বীর ফেরেইদুনকে সমুদ্রে ইরানি জাহাজ রক্ষা করতে দেখা যায়। প্রতিবেদনের লেখকেরা ছবিটির সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের তুলনাও টেনেছেন।

উত্তর পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। দ্বীপটির টার্মিনালে প্রায় ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। পাশাপাশি সেখানে অতি বড় তেলবাহী জাহাজ ভেড়ানোর উপযোগী গভীর পানিও রয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পর থেকে টার্মিনালটিতে তেল ওঠানো বন্ধ থাকায় ইরানের ওপর আর্থিক চাপ বাড়ছে। বিকল্প হিসেবে জাস্ক বন্দরের মতো স্থাপনা থাকলেও সেগুলোর অবকাঠামো খার্গ দ্বীপের সক্ষমতার বিকল্প হওয়ার মতো নয়।

এমন পরিস্থিতিতে তেহরানের নতুন তৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে তিনি ইরান পরিস্থিতি নিয়ে তাড়াহুড়ো না করার ইঙ্গিত দেন এবং জানান, আগামী বছরের আগে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

এই সময়সীমাকে কাজে লাগিয়ে এশিয়ার বাজারে তেল রপ্তানি পুনরায় চালু এবং রাষ্ট্রীয় অর্থনীতির ওপর চাপ কমানোর চেষ্টা করছে ইরান, এমনটাই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, উত্তেজনা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের পরিমাণ বাড়ছে।

ইরান পরিস্থিতির সমাধান না হলেও যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম কেন কমেছে এমন প্রশ্নের জবাবে রাইট বলেন, বাস্তব পরিস্থিতিতে পরিবর্তন এসেছে, যদিও তা এখনো সাধারণ মানুষের চোখে পড়েনি।

তার দাবি, কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রে তেলের সরবরাহ বাড়ানো হচ্ছে। একই সঙ্গে পেট্রল, ডিজেল ও উড়োজাহাজের জ্বালানির মতো পরিশোধিত জ্বালানিও বেশি রপ্তানি করা হচ্ছে। ফলে সামগ্রিক জ্বালানি সরবরাহ বেড়েছে বলে দাবি করেন তিনি।

সূত্র : ইউরো নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD