রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

‘সজীব ওয়াজেদ বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, সজীব ওয়াজেদ একজন ভিশনারি ও মেধাবী নেতা, যার জীবন দর্শনের মূলে রয়েছে সততা। জীবন ও কর্মের সবক্ষেত্রেই সততার অনুশীলন করছেন বলেই তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এতটা সফল। তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ।

সোমবার (২৭ জুলাই) জুম অনলাইনে ‘প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ এর কর্মজীবন ও ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সজীব ওয়াজেদের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্তপ্রতিম দেব, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মামুন আল রশিদ, বেসিসের সভাপতি আলমাস কবির, বাক্কোর সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় সজীব ওয়াজেদের নির্দেশে। তিনি সব সময়ই জনগণের অর্থে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে জনগণের উপকার এবং রিটার্ন কী আসবে তা বিবেচনায় নিতে পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ কীভাবে পাচ্ছে তা আমরা এই করোনাকালে গভীরভাবে উপলব্ধি করছি। স্বাস্থ্য সেবা থেকে কোরবানির গরু কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল প্লাটফর্মের ব্যবহার হচ্ছে।

সভাপতির বক্তব্যে জিয়াউল আলম বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়নের পর এখন আমাদের স্বপ্নযাত্রা উন্নত দেশের। এ স্বপ্নযাত্রাকে তথ্যপ্রযুক্তির ব্যবহারে এগিয়ে নেওয়ায় ভূমিকা রাখছেন সজীব ওয়াজেদ।

পরে সজীব ওয়াজেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD