কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি : কুড়িগ্রামের কচাকাটা থানার সুবলপাড় ছড়ার পানিতে ডুবে ছয় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়ার নারায়ণ বিশ্বাসের ছেলে নকুল বিশ্বাস (৬) ও পচারু বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৬)।
নিহত দুই শিশুর স্বজনরা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সকলের অগোচরে বাড়ির পাশের সুবলপাড় ছড়ায় গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে যায় দুই শিশু। দীর্ঘ সময় তাদের দেখা না মেলায় স্বজনরা পানিতে খুঁজতে থাকে।
দীর্ঘ আড়াই ঘণ্টা পর তাদের দুজনের মরদেহ পানি থেকে উদ্ধার করে স্বজনরা। কচাকাটা থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।