শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ঢাকার বেশিরভাগ যানবাহনের স্টিয়ারিং অদক্ষ চালকদের হাতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

ঢাকার রাস্তায় অনুমোদহীন যানবাহন চালকের বেপোরোয়া আচরণ সবই চলছে বহাল তবিয়তে। বেশিরভাগ যানবাহনের স্টিয়ারিং এখনও অদক্ষ চালকদের হাতে। আগে যাওয়ার রেষারেষিতে ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থা রোধে ‘সংশোধিত সড়ক পরিবহন আইনে’ কঠোর শাস্তির বিধান রাখা হলেও এখন পর্যন্ত তা খাতা-কলম সর্বস্ব হয়ে আছে।

আগে যাওয়ার এমন অসুস্থ মানসিকতার বলি হয়ে সাধারণ যাত্রীরা হাত-পা কখনও বা জীবন হারিয়ে জাতিকে বারেবারে নাড়া দিয়ে গেলেও ওভারটেকিংয়ের প্রতিযোগিতা চলছেই।

এমনটা বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন ‘সড়ক পরিবহন আইন’র পাশাপাশি ২০১৮ সালের জুনে ‘জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল’র করা ১১১টি সুপারিশের মধ্যে, ড্রাইভার-হেলপারদের মাসিক বেতনভুক্ত করার কথাও ছিল।

একজন ড্রাইভার জানান, মাসিক বেতন হলে সুবিধা হয়। ট্রিপ প্রতি বেতন আবার একদিন পরপর ডিউটি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ড্রাইভাররা নিজেরাই মাসিক বেতন নিতে চায় না। কারণ তারা এক দুই দিন গাড়ি চালিয়ে বন্ধের সময় অন্য জায়গাতে গাড়ি চালায়। আমি আমার কোম্পানির জন্য মাস প্রতি ড্রাইভার নেওয়ার জন্য বার বার তাদের সাথে বসার চেষ্টা করেছি। সুতরাং এখানে মালিকদের দোষ নেই।

একই অবস্থা দীর্ঘমেয়াদী দক্ষ ড্রাইভার তৈরির বিষয়েও। এজন্য সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের কাছে জমি চেয়ে উল্টো যেন চাপে ফেলে দিয়েছে।

আর বিআরটিএ বলছে একদিকে কোভিড-১৯ অন্যদিকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার বিষয়টি বাস্তবতার সঙ্গে না মেলায় সমন্বয় করে এগুতে হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রাব্বানী বলেন, সমস্যা এসএসসি পাশ না। সমস্যাটি আরেক জায়গাতে, তাদের ভারী লাইসেন্স থাকতে হবে। এ দুটি সমন্বয় করা সম্ভব হচ্ছিল না। এই কারণে আমরা বলছি, যে গাড়ির প্রশিক্ষক হবে তার সেই গাড়ির লাইসেন্স থাকলেই হবে।

তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে প্রশিক্ষিত ড্রাইভারের বিকল্প দেখছেন না বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ। তিনি বলেন, ড্রাইভিং স্কুল থেকে যেন তারা প্রশিক্ষণ নেয়। বিআরটিএর মাধ্যমে প্রায় ১০ লাখ চালক তৈরির একটি প্রকল্প পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়ে গেছে। যদি এটি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো একটি বড় পরিবর্তন আসতে পারে। নতুন যে চালক আসছে তাদের কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ নেই। তাই ব্যবস্থা নিতে হবে সমন্বিতভাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD