স্টাফ রিপোর্টার : অসহায় মানুষের জন্য কোনো কাজ করতে পারলে বঙ্গবন্ধুর সারাজীবনের আত্মত্যাগ সার্থক হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, অসহায় ও মুমূর্ষু মানুষের জন্য রক্তদান আমাদের জন্য একটা বড় সুযোগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে।
রোববার (১ আগস্ট) একুশে টেলিভিশন লিমিটেড কার্যালয়ে শোকাবহ আগস্ট ২০২১ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের স্মরণে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ রক্তের অভাবে কোনো মানুষ মারা যেতে পারে না’ এই স্লোগানকে সামনে রেখে একুশে টেলিভিশন লিমিটেড এ রক্তদান কর্মসূচির আয়োজন করে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আগস্ট বাংলাদেশের সকল মানুষের জন্য একটি শোকাবহ মাস, এ মাসে একুশে টেলিভিশনের এ রক্তদান কর্মসূচি একটি মহৎ উদ্যোগ। এটি প্রত্যেকের জন্যই অনুকরণীয়।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, শিল্প মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয় এবং যেসব প্রচার সংস্থাগুলো আছেন তারা যদি এ মহৎ উদ্যোগগুলোকে সারাদেশের মানুষের কাছে নিয়ে যায়, তাতে করে বঙ্গবন্ধুর রক্তের ঋণ কখনও তো শোধ করা যাবে না, তবে মানবতার সেবায় এ রক্তদান কর্মসূচি বিশাল ভূমিকা রাখবে।
একুশে টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযুষ বন্দোপাধ্যায় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ শারফুদ্দীন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় রক্ত দান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নবসৃষ্ট ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে’ ডিভিশনাল প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, জিটিভির বার্তা প্রধান সৈয়দ ইশতিয়া রেজা, ইটিভির পরিচালক রবিউল হাসান অভি এবং কে এম শহীদুল্লাহ।