রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৫ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

রাজশাহী প্রতিনিধি : করোনায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাঁরা।

১৫ জনের পাঁচজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।

আজ শুক্রবার (৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী বলেন, গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে। এঁদের সাতজন পুরুষ এবং আটজন নারী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শামীম ইয়াজদানী আরো বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতরা রাজশাহী জেলার আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও পাবনার দুইজন ছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর তিনজন, নাটোরের একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। আর উপসর্গে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন, কুষ্টিয়ার একজন ও পাবনার দুইজন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে ১৮২ জন এবং উপসর্গ নিয়ে ২২১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৩ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD